
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ছয়সূতি ইউনিয়ন ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ছয়সূতি খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাজিরচর একাদশ ও ভৈরব মর্নিং এফসি। খেলা শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. সিদ্দিক মিয়া (মেম্বার), ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরশ মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি এনায়েতউল্লাহ খান, ছয়সূতি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হানিফ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছয়সূতি ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল মিয়া।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে ঘিরে ছয়সূতি ও আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং এলাকায় ফুটবলের চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।