
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোটের জেলা শাখা। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে কামারপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। সংখ্যাগরিষ্ঠতার অজুহাত বা জাতীয় নির্বাচনের আসনসংখ্যা দেখিয়ে এই সরাসরি জনরায় উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
তারা আরও বলেন, রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। কিন্তু বর্তমানে সেই রায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও টালবাহানা দেখা যাচ্ছে, যা জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের ম্যান্ডেট ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।