
মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার,তানোর :
রাজশাহীর তানোর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুমারি ও তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার ৬ নম্বর কামারগাঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাতাসপুর গ্রামে গিয়ে তিনি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।
পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় মাঠপর্যায়ের কর্মীরা যেভাবে তথ্য জানতে চাইবেন, স্থানীয় বাসিন্দারা সেভাবেই প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। কোনো তথ্য গোপন না করে সঠিক ও প্রকৃত তথ্য দিয়ে শুমারির কাজে সহযোগিতা করতে হবে। যাতে প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।
ইউএনও নাঈমা খান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুমারিতে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের ভুল, অসংগতি কিংবা বিভ্রান্তি যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলামও শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।