1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণের চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুরের কালীগঞ্জে পূর্ববিরোধের জেরে সাহেদ হাসান লিওন নামে এক যুবককে মারধর, অপহরণের চেষ্টা এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া এলাকার বাসিন্দা বেনজীর আহমেদের নাতি সাহেদ হাসান লিওন পেশায় একজন গাড়িচালক। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে খৈকড়া গ্রামের সৃজন আকন্দ (২৫), মীর হোসেন (৩০), লিছান আকন্দ (২২) ও রাসেদ বাউল (৩৫)-এর সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
অভিযোগে বলা হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বক্তারপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাবুর বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। পরে রশি দিয়ে তার হাত, পা ও কোমর বেঁধে রাস্তায় ফেলে রাখার অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, পরে তার গলায় ধারালো ছুরি ধরে তাকে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়। ওই ভিডিওতে তার কাছে মাদক পাওয়া গেছে—এমন স্বীকারোক্তি দিতে চাপ প্রয়োগ করা হয়। এরপর তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আবারও মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় সাহেদ হাসানের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহযোগিতায় আহত সাহেদ হাসানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাহেদ হাসানের নানা বাদী হয়ে সৃজন আকন্দ, মীর হোসেন, লিছান আকন্দ ও রাসেদ বাউলসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
তবে অভিযুক্ত সৃজন আকন্দ অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুদিন আগে তাকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মারধর করা হয়েছিল। তার দাবি, গতকাল স্থানীয়রা সাহেদ হাসান লিওনকে মাদকসহ আটক করার পর তাকে মারধর করেছে।
অভিযুক্ত মীর হোসেন বলেন, তিনি একজন প্রবাসী। সাহেদ হাসান লিওনকে মারধরের কথা স্বীকার করে তিনি দাবি করেন, স্থানীয়রা লিওনের কাছে মাদক পাওয়ার পর তাকে আটক করে মারধর করেছে। তবে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট