
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
গাজীপুরের কালীগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন, মারধর ও এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় এক প্রতিবন্ধী নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই নারীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য নুরু মিয়া।
নুরু মিয়ার অভিযোগ, তাঁর বাবা মৃত বিল্লাল উদ্দিনের কাছ থেকে পাওয়া পৈতৃক ওয়ারিশি জমির পাশে জমি কেনেন মীর সজিবুর রহমান। এরপর অন্যদের সহযোগিতায় সীমানার ভেতরে প্রবেশ করে তাঁর ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপস-মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান পাননি তিনি।
নুরু মিয়ার ভাষ্য, ওই বিরোধের জেরে জমির ক্রেতা মীর সজিবুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইমের নির্দেশে বেরুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে রতন মিয়া, মৃত মুকুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, আউলিয়ার ছেলে নাজমুল ও আতা মিয়া দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভোগদখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। পরে কয়েকজন শ্রমিক দিয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এ কাজে বাধা দিলে অভিযুক্তরা নুরু মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর প্রতিবন্ধী বোন শরিফা বেগমের জামাকাপড় ধরে টানাহেঁচড়া করা হয় এবং চুলের মুঠি ধরে টেনে তাঁকে আহত করা হয়। নুরু মিয়ার ভাইয়ের স্ত্রী খালেদা বেগম প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এ ছাড়া নুরু মিয়ার ১৫ বছর বয়সী ভাতিজি আফরিন মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। এতে পরিবারের চার সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলাজখমে আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
নুরু মিয়া জানান, ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি দেখান ও হুমকি দেন। আহত শরিফা বেগমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নিবন্ধন নম্বর ৮৫৪০/১৫, তারিখ ২২ অক্টোবর ২০২৬। অন্য আহত ব্যক্তিরা কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নুরু মিয়ার অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। ভবিষ্যতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জানমালের ক্ষতির শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার নাইমের
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আহমেদুল কবির নাইম। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি জমির কোনো পক্ষ নই। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। একটি মহল আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই; বরং সহযোগিতা থাকবে।”
যা বলছে পুলিশ
কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম বলেন, বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের নুরু মিয়া স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।