1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

কুলিয়ারচরের আলোচিত চালকাণ্ড: নিলামে বিক্রি সাড়ে ১৯ টন চাল, বাতিল ডিলারশিপ ও জামানত বাজেয়াপ্ত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুঁড়ার মিলে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা সাড়ে ১৯ টন চাল অবশেষে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকায় চালগুলো কিনে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. সেলিম মিয়া। একই সঙ্গে সরকারি চাল অবৈধভাবে মজুতের ঘটনায় অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং গচ্ছিত জামানত বাজেয়াপ্ত করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকেল ৩টার দিকে কুলিয়ারচর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট চারজন দরদাতা অংশ নেন। তারা হলেন—মো. সেলিম মিয়া, মো. সেতু মিয়া, বাসির মেম্বার ও শফিকুল ইসলাম। নিলামে প্রতি টন চালের সর্বোচ্চ দর ওঠে ১১ হাজার ২০০ টাকা। সর্বোচ্চ দরদাতা মো. সেলিম মিয়ার কাছে চালগুলো বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ মে কুলিয়ারচর পৌর শহরের খরকমারা এলাকার জিল্লু মিয়ার কুঁড়ার মিলে অভিযান চালায় প্রশাসন। এ সময় সেখানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির শতাধিক বস্তা চাল পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয় এবং মিলটি সিলগালা করে দেওয়া হয়।

ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর কয়েকটি বিষয়ে অস্পষ্টতা থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের নেতৃত্বে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি চাল অবৈধভাবে মজুতের বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জব্দ করা চাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

এ লক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার দত্তকে আহ্বায়ক করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির ব্যবস্থাপনায় সোমবার চালগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
নিলাম চলাকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, খাদ্যগুদামের পরিদর্শক রাসেদা খাতুন, সালুয়া, রামদী, ফরিদপুর, গোবরিয়া আব্দুল্লাহপুর ও উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে তদন্ত চলাকালে সিলগালা করা ওই মিল থেকে গোপনে ট্রাকযোগে চাল সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালগুলো পুনরায় জব্দ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় চালের বস্তায় আলো-বাতাস চলাচল এবং পোকামাকড়ের আক্রমণ থেকে চাল রক্ষার জন্য আইন অনুযায়ী মিলের চাবি নির্ধারিত ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল। তবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি।

তদন্তে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জিল্লুর ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর গচ্ছিত জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।

উন্মুক্ত নিলামে বিক্রি হওয়া চালের বিপরীতে পাওয়া ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সরকারি খাদ্য কর্মসূচির চাল অবৈধভাবে মজুত ও সরিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট