
কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,
পঞ্চগড় সদর উপজেলার উদ্যোগে অসচ্ছল ও চলাচলে প্রতিবন্ধকতার শিকার ২০ জনের মাঝে হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে ৩৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব হুইলচেয়ার ও বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
একটি হুইল চেয়ার একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলে যেমন স্বস্তি এনে দিতে পারে, তেমনি একটি বাইসাইকেল প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াত সহজ করে শিক্ষাজীবন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও সহায়ক হবে।
বাইসাইকেল পেয়ে দশমাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারজান সুলতানা বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে প্রতিদিন অনেকটা পথ পাড়ি দিতে হয়। বাইসাইকেল পাওয়ায় এখন সহজে ও সময়মতো স্কুলে আসতে পারব।
অন্যদিকে গড়িনাবাড়ী ইউনিয়নের জোদ্দারপাড়া এলাকার আলেমা খাতুন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, চলাফেরা করতে অনেক কষ্ট হতো।
নিজের একটি হুইল চেয়ার হবে এটা কখনো ভাবিনি।
এখন পরিবারের সদস্যদের ওপর আগের মতো নির্ভর করতে হবে না।
এই সহায়তা আমার চলাফেরায় অনেক সুবিধা হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ বলেন, বিএনপি সব সময়ই গণমানুষের অধিকার ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
আজকের এই উদ্যোগের মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি বলেন,
জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থাকাই রাজনীতির মূল উদ্দেশ্য।
সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।
সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান বলেন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।
প্রকৃত উপকারভোগী নির্বাচন করে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়াই আমাদের লক্ষ্য।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। যারা চলাচলে সমস্যায় রয়েছেন, তাদের জন্য হুইল চেয়ার এবং দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।