
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মেয়েদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গার্ল গাইডসের সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারে। এবারের ক্যাম্পেইনের মাধ্যমে কুলিয়ারচরের নারী শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন। তিনি বলেন, মেয়েদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সবসময় পাশে রয়েছে। গার্ল গাইডসের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের পাশাপাশি আত্মবিশ্বাসী, সাহসী ও সচেতন করে তুলবে। সামাজিক অপরাধ ও নানা ধরনের অনিয়ম প্রতিরোধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি, স্থানীয় কমিশনার ও আবুল কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুলিয়ারচর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গার্ল গাইডসের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রমের সূচনা করা হয়।