
কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কায়ার ক্লিনিকের মালিক বাবুল হোসেনের বিরুদ্ধে এক ডিপ্লোমাধারী নার্সকে গালিগালাজ, মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের স্বজনদের কাছে বিভিন্ন ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী অতিরিক্ত দামে বিক্রির জন্য চাপ প্রয়োগ এবং নার্সদের দিয়ে রোগী সংগ্রহের অভিযোগও করেছেন ক্লিনিকে কর্মরত নার্সরা।
রোববার (২৩ আগস্ট) দুপুরে দেবীগঞ্জের স্কায়ার ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী নার্স কলি রানী দাবি করেছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ক্লিনিকের কর্মী, রোগী ও স্বজনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগকারী নার্স কলি রানীর দাবি, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে ক্লিনিকের মালিক বাবুল হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে ব্যক্তিগত অফিস কক্ষে ডেকে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাথায় কয়েকটি থাপ্পড় মারেন। এ সময় ক্লিনিকে রোগী ও রোগীর স্বজনসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।
কলি রানী অভিযোগ করেন, রোগীদের বিভিন্ন ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী বেশি দামে বিক্রির জন্য তাকে চাপ দেওয়া হতো। বিশেষ করে মাসিকের প্যাড, সিজারিয়ান বেল্ট, ওষুধপত্রসহ বিভিন্ন সামগ্রী মিলিয়ে প্রায় ৯০০ টাকার একটি প্যাকেজ রোগীদের কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ তার।
তার দাবি, কোনো রোগীর স্বজন এসব সামগ্রী বাইরে থেকে কিনে আনলে ক্লিনিক মালিক নার্সদের ওপর ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতেন।
কলি রানী বলেন, আমি একজন ডিপ্লোমাধারী নার্স। আমার কাজ রোগীদের সেবা করা। রোগীদের কাছে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়টি আমার দায়িত্ব নয়।
নার্স কলি রানী আরও অভিযোগ করেন, ক্লিনিকে যোগদানের সময় তার মাসিক বেতন ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও বর্তমানে তাকে ৯ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এ বিষয়েও তিনি ক্লিনিক মালিকের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন।
এদিকে একই ক্লিনিকের নার্স ঋতুরায় অভিযোগ করেন, তাদের দিয়ে বিভিন্ন গ্রামের দালালদের ফোন করানো হয় এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে স্কায়ার ক্লিনিকে রোগী নিয়ে আসতে বলা হয়। এ কাজে রাজি না হলে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
নার্সদের অভিযোগ, তারা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য নিয়োগ পেলেও তাদের ওপর রোগী সংগ্রহ ও বিভিন্ন পণ্য বিক্রির চাপ দেওয়া হচ্ছে।
অভিযোগ ভিত্তিহীন দাবি ক্লিনিক মালিকের
তবে নার্স কলি রানী ও অন্য নার্সদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্কায়ার ক্লিনিকের মালিক বাবুল হোসেন। তার বক্তব্য, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন অভিযোগকারী নার্সরা। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।