
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
অভিযানে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা এবং সুধীর ট্রেডার্স নামের একটি সার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছ থেকে কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় কৃষকরা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন। কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।