1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:
নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে এক বছর আগে। এরই মধ্যে ভবনের ছাদে দেখা দিয়েছে ফাটল, বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। ভবনের বিভিন্ন অংশের অবকাঠামোগত অবস্থাও নাজুক। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের থাকতে হচ্ছে আতঙ্কের মধ্যে।
৫০ শয্যাবিশিষ্ট বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ১৯৭৫ সালে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল ছিল ৫০ বছর। সে হিসাবে ২০২৫ সালেই ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়েছে। এরপরও বিকল্প ব্যবস্থা না থাকায় পুরোনো এ ভবনেই চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে হাসপাতাল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। কয়েকটি অংশের পলেস্তারা খুলে পড়ে রড বের হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ এসব অংশের নিচ দিয়েই রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের চলাচল করতে হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন সজিব হোসেন বলেন, আমি আমার মাকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু ভবনের ছাদের অবস্থা দেখে আতঙ্কিত হচ্ছি। কখন কী দুর্ঘটনা ঘটে বলা যায় না। দ্রুত ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তার ব্যবস্থা করা দরকার।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, ভবনটি অনেক পুরোনো। সংস্কারের কাজ চলছে। দ্রুত হাসপাতালে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, “হাসপাতালের ভবনটি ১৯৭৫ সালে নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যে ২০২৫ সালে ভবনটির নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। আমরা প্রকৌশলী নিয়ে এসে ভবনটি পরিদর্শন করিয়েছি।
তিনি আরও বলেন, গত অর্থবছর থেকে ভবনটির মেরামতের কাজ শুরু হয়েছে, যাতে আপাতত হাসপাতালের কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। রাজশাহী থেকে প্রকৌশলীরাও এসে ভবনটি পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, দুটি জায়গায় সমস্যা বেশি হয়েছে। সেখানে শুধু প্লাস্টার করলে তা টেকসই হবে না। তাই কেমিক্যাল ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন ভবন নির্মাণের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য কাজ চলছে। মাননীয় সংসদ সদস্যও এ বিষয়ে তৎপর রয়েছেন। এখানে ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও রোগীর স্বজনদের অভিযোগ, পুরোনো ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক। এরপরও ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসাসেবা চালু রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, একটি উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম হয়। তাই পুরোনো ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং ১০১ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট