
নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রশাসন যেন চলছে ধীরগতিতে। দীর্ঘদিন ধরে উপজেলায় পূর্ণকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও সেবাপ্রত্যাশীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। বর্তমানে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া অতিরিক্ত দায়িত্বে বকশীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তবে নিজ উপজেলার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে থাকায় তিনি নিয়মিত বকশীগঞ্জে সময় দিতে পারছেন না বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাধারণত সপ্তাহে একদিন বকশীগঞ্জে অফিস করেন। তবে সরকারি ব্যস্ততা ও নিজ কর্মস্থলের দায়িত্ব পালনের কারণে অনেক সময় দুই সপ্তাহ পরপরও তাকে অফিসে দেখা যায়। ফলে জরুরি দাপ্তরিক কাজ, শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, নথিপত্রে স্বাক্ষর, অনুমোদন, প্রত্যয়নপত্র প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও তদারকিসহ নানা কাজে বিলম্ব হচ্ছে।
উপজেলার একাধিক প্রধান শিক্ষক জানান, প্রয়োজনীয় কাজে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়েও অনেক সময় কর্মকর্তাকে পাওয়া যায় না। এতে একটি কাজ সম্পন্ন করতে একাধিকবার অফিসে যেতে হয়। সময়ের পাশাপাশি আর্থিক ব্যয়ও বাড়ছে। নিয়মিত কর্মকর্তা না থাকায় অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণেও বিলম্ব হচ্ছে বলে তারা দাবি করেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বকশীগঞ্জ উপজেলায় ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও কলেজ ও মাদ্রাসার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এত বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম একজন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালনা করা বাস্তবসম্মত নয়।
স্থানীয় শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও সচেতন নাগরিকদের ভাষ্য, একজন কর্মকর্তা একসঙ্গে দুটি উপজেলার দায়িত্ব পালন করায় কোনো উপজেলাতেই শতভাগ সময় দেওয়া সম্ভব হয় না। ফলে শিক্ষা প্রশাসনের গতি কমে যায় এবং মাঠপর্যায়ে তদারকি দুর্বল হয়ে পড়ে। তারা দ্রুত বকশীগঞ্জে একজন পূর্ণকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদায়নের দাবি জানান।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে নিয়মিত কর্মকর্তা পদায়নের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো কোনো কর্মকর্তা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই একজন কর্মকর্তা পদায়ন করা হবে।”
শিক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদের আশা, দ্রুত একজন পূর্ণকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে দীর্ঘদিনের এই সংকট কাটবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রমে গতি ফিরবে, নিয়মিত তদারকি নিশ্চিত হবে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সেবাপ্রত্যাশীরা কাঙ্ক্ষিত সেবা সহজেই পাবেন।
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
মোবাইল ঃ০১৬৪০৭২৪২৩৩