1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ, ব্যক্তির কাছে বিক্রির পর করাতকলে—জব্দ করল বন বিভাগ

মোঃ আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার বনগ্রাম এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাস্তার পাশে রোপণ করা ইউক্যালিপটাস গাছ কেটে ব্যক্তিগতভাবে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারি ব্যবস্থাপনায় রোপণ করা এসব গাছ কীভাবে ব্যক্তি পর্যায়ে বিক্রি ও কর্তন করা হলো—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় কাটা গাছগুলো কোলা বাজারের একটি করাতকল থেকে জব্দ করেছে বন বিভাগ।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মো. সুইট হোসেন বনগ্রাম এলাকায় সামাজিক বনায়নের আওতায় রাস্তার পাশে থাকা ইউক্যালিপটাস গাছ কাটেন। পরে গাছগুলো বিক্রির উদ্দেশ্যে কোলা বাজারের ‘লেবুর স’ নামের একটি করাতকলে নিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

তবে গাছ কাটার বিষয়টি স্বীকার করে মো. সুইট হোসেন দাবি করেন, উপজেলার কেশাইল গ্রামের মৃত হাসেম রেজা চৌধুরী (টগর)-এর ছেলে মো. ফরহাদ ফুয়াদ (আনন্দ) চৌধুরী তাঁর কাছে গাছগুলো বিক্রি করেছেন। তাঁর কাছ থেকেই গাছগুলো কিনে কেটে করাতকলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাস্তার পাশে রোপণ করা গাছের মালিকানা ও কর্তনের ক্ষেত্রে সরকারি বিধিবিধান থাকলেও তা অনুসরণ করা হয়েছিল কি না। যদি গাছগুলো সরকারি বা সামাজিক বনায়ন প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকে, তাহলে কার অনুমতি বা কোন প্রক্রিয়ায় এগুলো বিক্রি করা হলো—এ বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযোগ রয়েছে, সামাজিক বনায়নের গাছ নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তি পর্যায়ে কেনাবেচা ও কর্তন করা হয়ে থাকলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে গাছগুলো কার মালিকানাধীন, কে বা কারা বিক্রি করেছেন এবং কর্তনের অনুমতি ছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ঘটনার বিষয়ে বন বিভাগের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। সঠিক তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, সামাজিক বনায়নের নামে সরকারি সম্পদ রোপণের পর যদি কোনো ব্যক্তি বা চক্র বিধিবহির্ভূতভাবে তা কেটে বিক্রি করে থাকে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। পাশাপাশি সামাজিক বনায়নের গাছের প্রকৃত মালিকানা, বিক্রির অনুমোদন এবং গাছ কাটার বৈধতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এখন প্রশ্ন উঠেছে—সামাজিক বনায়নের গাছ যদি সরকারি ব্যবস্থাপনার আওতাভুক্ত হয়ে থাকে, তাহলে তা ব্যক্তির কাছে বিক্রি করার সুযোগ কে দিলেন? আর বিক্রির পর সেই গাছ কেটে করাতকলে পৌঁছানো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এল না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট