
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নওগাঁ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে মুক্তির মোড়ে ‘সকল কলেজের সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাফিউল বারী রাজন, সাদিয়া রহমান, নাঈম আহমেদ, জিয়াদ হোসেন, সামিউর আহমেদ রহিম, মহাসিনা ফারহানা ও বিপ্লব মণ্ডল।
বক্তারা বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সমন্বয়হীনতা ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।
এ সময় শিক্ষার্থীরা **‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জাস্টিস ইজ জাস্টিস’, ‘আপস না, সংগ্রাম’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’**সহ বিভিন্ন স্লোগান দেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রীর নওগাঁ সফর অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিক্ষা অফিসের সামনে এসে শেষ হয়। কর্মসূচি চলাকালে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।