
নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম চট্টগ্রাম।
দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে মানবিক সহায়তা নিয়ে সবার আগে এগিয়ে আসার ইতিহাস রয়েছে চট্টগ্রামের মানুষের। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগের সময় চট্টগ্রামের মানুষ খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কিন্তু বর্তমানে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা যখন ভয়াবহ দুর্ভোগের মুখে পড়েছে, তখন জাতীয় পর্যায়ে বিষয়টি প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না—এমন অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সচেতন নাগরিক। তাদের মতে, জাতীয় গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের দুর্দশা নিয়ে যে মাত্রার সরব ভূমিকা প্রত্যাশিত ছিল, বাস্তবে তা চোখে পড়ছে না।
তারা আরও বলেন, এই পরিস্থিতি একটি বাস্তবতাই সামনে এনেছে—দুর্যোগের সময় শেষ পর্যন্ত চট্টগ্রামের মানুষের সবচেয়ে বড় ভরসা চট্টগ্রামের মানুষই। তবে সব প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এই জনপদের রয়েছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সচেতন মহলের ভাষ্য, চট্টগ্রাম অর্থনীতি, শিল্প, বন্দর ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই অঞ্চলের সংকট শুধু স্থানীয় নয়, জাতীয় অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ এবং জাতীয় পর্যায়ে আরও বেশি মনোযোগ প্রয়োজন বলে তারা মনে করেন।
একই সঙ্গে তারা স্পষ্ট করেন, কোনো ধরনের প্রতিহিংসা নয়—ভবিষ্যতেও দেশের যেকোনো অঞ্চলে দুর্যোগ দেখা দিলে চট্টগ্রামের মানুষ আগের মতোই মানবিক দায়িত্ববোধ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অবস্থানরত চট্টগ্রামের বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি, সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ এবং চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি জাতীয়ভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে, দ্রুত এই দুর্যোগ কেটে গিয়ে চট্টগ্রাম আবারও স্বাভাবিক জীবনে ফিরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়েছে।