
তাজমিনুল তরুন ঠাকুরগাঁও প্রতিনিধি: নব প্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিওর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানের নতুন যাত্রাকে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম শুধু একটি প্রতীক নয়, এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, আদর্শ ও ভবিষ্যৎ স্বপ্নকে ধারণ করে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম উন্মোচনের মাধ্যমে জেলার উচ্চশিক্ষার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হয়েছে।
তারা আরও বলেন, উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের নকশা ও এর বিভিন্ন প্রতীকের তাৎপর্য তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, মনোগ্রামটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, গবেষণা, সৃজনশীলতা এবং আধুনিক শিক্ষার প্রতীক হিসেবে পরিকল্পিত হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের সফল অগ্রযাত্রা কামনা করেন এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের মধ্যেও এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের প্রত্যাশা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে জেলার শিক্ষা, গবেষণা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।