1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ গ্রহণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের ভেতরে রায়হান নামে এক ব্যক্তি একটি টেবিলে বসে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন। স্থানীয়দের দাবি, তিনি অফিসের লোক পরিচয়ে নামজারি, খাজনা ও অন্যান্য ভূমি সেবা সংক্রান্ত কাজে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করে আসছেন। ঘটনাস্থলে প্রায় ৫ হাজার টাকা নগদ গ্রহণের অভিযোগও ওঠে।

অভিযুক্ত রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে দাবি করেন, তিনি জমির খাজনা বাবদ টাকা সংগ্রহ করেন এবং পরে তার ব্যক্তিগত বিকাশ নম্বরের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগসংক্রান্ত কোনো লিখিত প্রমাণ বা সরকারি অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর নগদ অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার না করে বলেন, অনেক সেবাগ্রহীতা অনলাইন পেমেন্ট করতে না পারায় তাদের কাছ থেকে টাকা নিয়ে পরে বিকাশের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করা হয়। তবে অফিসে বহিরাগত কোনো ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত কর্মচারী নেই। যদি কেউ অবৈধভাবে অফিসে কাজ করে থাকে কিংবা অর্থ লেনদেনে জড়িত থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও তার নজরে এসেছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরা মোশাররফ বলেন, “ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ ক্যাশলেস হওয়ার কথা। কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট