1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ওরশে তাবরুক না পেয়ে ক্ষোভ, শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজারের দান-অনুদান নিয়ে প্রশ্ন।

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শাহ মোহছেন আউলিয়া (রহ.) মাজারকে কেন্দ্র করে অনুষ্ঠিত ওরশ শরিফে আগত হাজারো আশেক-ভক্তের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভক্তদের অভিযোগ, প্রতিবছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ মাজারে জিয়ারত করতে এলেও তাদের জন্য তাবরুক বিতরণের কোনো দৃশ্যমান ব্যবস্থা থাকে না।
স্থানীয় সূত্র ও ভক্তদের অভিযোগ অনুযায়ী, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা মাজারে ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন ধরনের পশুপাখি এবং নগদ অর্থ দান করে থাকেন। এছাড়া সারা বছর মাজার প্রাঙ্গণে স্থাপিত দানবাক্সেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয় বলে দাবি করা হচ্ছে।
এ অবস্থায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—মাজারে দান করা অর্থ, পশুপাখি ও অন্যান্য সামগ্রী কীভাবে ব্যবহৃত হয় এবং সেগুলোর সুষ্ঠু হিসাব-নিকাশ কোথায়? তাদের মতে, ওরশের মতো বৃহৎ ধর্মীয় আয়োজনে যদি সাধারণ ভক্তদের জন্য সামান্য তাবরুকেরও ব্যবস্থা না থাকে, তাহলে দান-অনুদানের ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ওরশে অংশগ্রহণকারী কয়েকজন ভক্ত জানান, বাবা শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা প্রতি বছর ওরশে যোগ দেন এবং সামর্থ্য অনুযায়ী দান-অনুদান প্রদান করেন। তবে আয়োজন শেষে অনেকেই হতাশা নিয়ে বাড়ি ফেরেন, কারণ তারা ভক্তদের জন্য কোনো উল্লেখযোগ্য সেবামূলক কার্যক্রম কিংবা তাবরুক বিতরণের উদ্যোগ দেখতে পান না।
স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, মাজারে আগত ভক্তদের দান-অনুদান এবং দানবাক্সে জমাকৃত অর্থের স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে তারা প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।
তাদের মতে, বাবা শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র নাম ব্যবহার করে যদি কোনো ধরনের অনিয়ম, অপব্যবহার বা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, তাহলে তা দ্রুত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট