1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বিতর্ক, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মেলার আয়োজন, স্থান নির্বাচন এবং কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণ কম হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে।
স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও সচেতন নাগরিকদের অভিযোগ, মেলার মূল উদ্দেশ্য কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করা, বিভিন্ন জাতের ফলের পরিচিতি বৃদ্ধি এবং কৃষিপণ্য বিপণনে সহায়তা করা হলেও বাস্তবে মেলায় সাধারণ কৃষক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। ফলে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় আম মেলা এবং বদলগাছী উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। জেলা পর্যায়ের মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যদিকে বদলগাছী উপজেলা পর্যায়ের ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
মেলা উদ্বোধনের সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত কয়েকজন কৃষকের উপস্থিতি থাকলেও কিছু সময় পরই মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকা হয়ে যায় বলে অভিযোগ ওঠে। শুক্রবার (১৯ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেলা প্রাঙ্গণে দর্শনার্থীর উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ স্টলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা যায়নি।
অন্যদিকে বদলগাছী উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত ফল মেলায়ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল সীমিত। স্থানীয়দের অভিযোগ, একটি বদ্ধ কক্ষে মেলা আয়োজনের কারণে সাধারণ কৃষক ও দর্শনার্থীরা মেলার বিষয়ে আগ্রহী হতে পারেননি।
কৃষক ও সচেতন মহলের দাবি, এ ধরনের মেলা জনসমাগমপূর্ণ স্থানে আয়োজন করা হলে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ বেশি উপকৃত হতেন। তাদের মতে, কৃষি অফিসের অভ্যন্তরে সীমিত পরিসরে মেলা আয়োজনের ফলে এর প্রচার ও কার্যকারিতা কমে গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বদলগাছী এলাকার বাসিন্দা তসলিম আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “জাতীয় ফল মেলার মতো একটি আয়োজনের সঙ্গে ফল উৎপাদন, বিপণন ও গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল। বিশেষ করে বদলগাছীর জিআই পণ্য নাক ফজলি আমকে ব্র্যান্ডিং করার সুযোগ এই মেলায় তৈরি হতে পারতো।”
নওগাঁ শহরের দর্শনার্থী রমী রায় বলেন, “ফেসবুকে মেলার খবর দেখে এসেছি। বিভিন্ন জাতের আম দেখার আগ্রহ ছিল। তবে মেলাটি শহরের কোনো জনবহুল স্থানে হলে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বেশি হতো।”
বদলগাছী উপজেলার তিলবদলী গ্রামের কৃষক খালেকুজ্জামান লিটন বলেন, “মেলার বিষয়ে আগে কোনো তথ্য পাইনি। সাংবাদিকদের কাছ থেকে জানতে পারলাম কৃষি অফিসে ফল মেলা চলছে।”
তবে এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী মেলার আয়োজন করা হয়েছে। কৃষকদের মেলায় অংশগ্রহণের জন্য বিভিন্নভাবে অবহিত করা হচ্ছে।”
অন্যদিকে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, “উপজেলা পর্যায়ে বরাদ্দ সীমিত হওয়ায় অফিসের বাইরে বড় পরিসরে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। জেলা পর্যায়ের মেলায় কৃষকদের উপস্থিতি রয়েছে। নির্দিষ্ট সময়ে দর্শনার্থী কম থাকলেও পরে উপস্থিতি বৃদ্ধি পায়।”
তবে মেলার আয়োজন ও কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে, তা কৃষি বিভাগের ভবিষ্যৎ আয়োজনগুলোতে আরও জনমুখী ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট