1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

পঞ্চগড়ে শিক্ষকের জমি দখল ও চা পাতা কাটায় বাধা, প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতা

পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার টুনিহাটের ভাণ্ডারু গ্রামে ক্রয়কৃত জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ, চা পাতা কাটায় বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী মো: আব্দুস সামাদ (৫৮) নিজের ও পরিবারের জীবন রক্ষার্থে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে বিজ্ঞ আদালতে একটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করেছে (নম্বর- ৩০/২৬, তারিখ: ২৩/০৪/২০২৬ ইং)। ভুক্তভোগী আব্দুস সামাদ স্থানীয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রদর্শক।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার পঞ্চগড় বগুলাডাঙ্গী মৌজার জে.এল নং ৪৪ এসএ ১৪৯ নং খতিয়ানের ২০০ ও ২০৬ নং দাগের মোট ০৩.৭৯ একর জমির মধ্যে ৩৩ শতক জমি দীর্ঘদিন ধরে মো: আব্দুস সামাদ ও তার পরিবার শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন উক্ত জমিতে একটি উন্নতমানের চা বাগান রয়েছে।

জমিটি তিনি বিগত ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন রেজিস্ট্রি দলিলের মূলে জনৈক জমিরুল হকের নিকট থেকে ক্রয় করে নিজ নামে খারিজ ও নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন।

ভুক্তভোগী আব্দুস সামাদের অভিযোগ, গত ০৬/০৩/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় তিনি যখন শ্রমিকদের নিয়ে তার চা বাগানের পাতা সংগ্রহ করতে যান, তখন স্থানীয় মো: হাবিবুর রহমান (৪০), মো: রাজিউল ইসলাম (৪৪), মো: মাহাবুব রহমান (৩৭) এবং মো: জমিরুল হক (৭৪) সহ একদল ব্যক্তি বেআইনিভাবে লাঠিসোঁটা নিয়ে বাগানে প্রবেশ করে।

তারা জমিটি নিজেদের দাবি করে চা পাতা কাটতে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযোগে আরও জানা যায়, ভুক্তভোগী ও তার শ্রমিকরা এই অন্যায়ের প্রতিবাদ করলে বিবাদীরা অত্যন্ত উগ্র রূপ ধারণ করে। তারা হুমকি দিয়ে বলে যে, ভবিষ্যতে এই জমিতে পা রাখলে তাদের “জ্যান্ত পুঁতে ফেলা হবে” এবং মিথ্যা মামলাসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হবে।

বিবাদীদের এমন ক্রমাগত হুমকি ও ভয়ভীতির কারণে বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজেদের জমিতে গিয়ে চা পাতা সংগ্রহ করতে পারছেন না। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে।

ঘটনাটি তদন্ত করেছেন পঞ্চগড় সদর থানার (এসআই) মো: হাফিজুর রহমান তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, সরজমিনে ও গোপনে তদন্ত করে। বিবাদীরা আইন অমান্যকারী ব্যক্তি এবং তাদের কারণে ওই এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট আশঙ্কা রয়েছে। এ কারণে পুলিশ ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭(সি) ধারা মোতাবেক বিবাদীদের শান্তি রক্ষা ও সদাচরণের মুচলেকায় আবদ্ধ করার নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করেছে।

ভুক্তভোগী মো: আব্দুস সামাদ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই চক্রের হাত থেকে নিজের সম্পত্তি রক্ষা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট