1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বদলগাছী জনস্বাস্থ্য অফিসের গাছ উধাও: জিডির আড়ালে বিক্রির অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় চত্বর থেকে একটি গাছ অপসারণকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অফিসের পক্ষ থেকে গাছটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও স্থানীয় পর্যায়ে গাছটি চুরি নয়, বরং অফিসের কিছু কর্মচারীর যোগসাজশে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অফিস সূত্রে জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনজুরুল হাসান গত ১৮ মে ২০২৬ তারিখে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৬৫) করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ৭ মে অফিস বন্ধ করার পর এবং ১০ মে সকালে অফিসে এসে দেখা যায়, অফিস ভবনের দক্ষিণ পাশে ঝড়-বৃষ্টিতে হেলে পড়া একটি গাছ আর সেখানে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং গাছটির সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে।

তবে অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। একাধিক সূত্রের দাবি, গাছটি চুরি হয়নি। বরং অফিসের কয়েকজন কর্মচারীর প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় গাছটি কেটে স্থানীয় একটি ছ’মিলে বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গাছটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

অনুসন্ধানে জানা যায়, অফিসের কর্মচারী মামুনুর রশিদের উদ্যোগে সদর ইউনিয়নের ডাঙ্গিসারা গ্রামের মৃত জয়েন উদ্দীনের ছেলে কাঞ্চা, তার ছেলে কাদের এবং তাজুলের ছেলে বেলাল হোসেন গাছটি কাটার কাজে অংশ নেন। পরে জিধিরপুর গ্রামের ভ্যানচালক ছিদ্দিক হোসেনের ভ্যানে করে গাছটি স্থানীয় নিরঞ্জনের ছ’মিলে নিয়ে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন সাংবাদিকও অবগত ছিলেন বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সরকারি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অফিসের কর্মচারী মামুনুর রশিদ বলেন, ডাঙ্গিসারা গ্রামের কাঞ্চা, কাদের ও বেলাল গাছটি কেটে নিয়ে গেছে। তবে গাছটি কোথায় বা কার কাছে বিক্রি করা হয়েছে—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কথা বলা সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনজুরুল হাসান বলেন, “ঘটনার পর থানায় জিডি করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলম বলেন,ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ নিখোঁজ, চুরি বা অবৈধভাবে বিক্রির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তাদের মতে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়-দায়িত্ব নির্ধারণ এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা অবহেলা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট