
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি পুলিশ লাইনের সামনের সুতালরি খাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ চলমান থাকলেও একটি বলগেটের অবস্থান ও নির্মাণ পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বলগেটটি সঠিক পরিকল্পনা অনুযায়ী নির্মাণ না হওয়ায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে এবং আশপাশের বসতবাড়ি, রাস্তা ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসী জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে শতাধিক পরিবার তাদের বসতভিটা হারাতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোগের তীর উঠেছে এম/২১৫৭৫ নম্বর প্রকল্পের দায়িত্বে থাকা এম বি ফারদিনের দিকে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, কোটি টাকার প্রকল্পে যদি পরিকল্পনার ত্রুটি থাকে, তাহলে নদী ভাঙন রোধের পরিবর্তে নতুন করে দুর্ভোগ তৈরি হবে সাধারণ মানুষের জন্য।
এখন এলাকাবাসীর একটাই দাবি— দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসইভাবে নদী ভাঙন প্রতিরোধের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।