1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বদলগাছীতে অগ্নিকাণ্ডে ঘরে আটকা মানসিক রোগীর মৃত্যু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার (জোড় পুকুরিয়া) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পার্শ্ববর্তী কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে কয়েকটি অসহায় পরিবার বসবাস করতেন। বুধবার সকালে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে আটকে ছিলেন রফিকুল ইসলাম। ঘটনাস্থলটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় আগুন লাগার সময় সেখানে কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিলেন না। স্থানীয় নারীরা আগুন নিয়ন্ত্রণ ও রফিকুল ইসলামকে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে জীবিত বের করতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে রফিকুল ইসলামের ভাইয়ের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই তার মানসিক অবস্থার অবনতি ঘটে। গত প্রায় দুই মাস ধরে তিনি অস্বাভাবিক আচরণ করায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে আটকে রাখতেন।
চরম দরিদ্র এই পরিবারটি দীর্ঘদিন বিভিন্ন স্থানে বসবাসের পর সর্বশেষ হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকার সরকারি খাসজমিতে আশ্রয় নেয়। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় বৃদ্ধা মা সুফিয়া বেগম (৫৬) ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংসার চালাতেন। একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধূমপান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। নিহতের একটি হাত খোলা ছিল বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ সুপারের কার্যালয়ের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য পরিবারটিকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট