
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে সংবাদকর্মী লোকমান আহমদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের লুনী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তোফায়েল (২৩), জালাল উদ্দিন (৩৪), লিমা বেগম (২৫), আলকুমা বেগম (৩৫), আল আমিন (২২), রুহুল আমিন (১৯), উস্তার মিয়া (৩৮), ফখরুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৫২), মুহিবুর রহমান (৫৫), সিরাজ উদ্দিন, মাসুক আহমদ (৪০), লোকমান আহমদ (৩৫) ও আলিফান বিবি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে কয়েকটি পক্ষ সক্রিয় রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। সংবাদকর্মী লোকমান আহমদের ভাতিজা তোফায়েল পূর্বে একটি পক্ষের সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি আলাদা হয়ে নিজেই বালুর ব্যবসা শুরু করেন। এর জেরে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগ রয়েছে, রোববার ভোরে বালু উত্তোলনস্থলের পাশে থাকা একটি অস্থায়ী ঘরে ঘুমন্ত অবস্থায় তোফায়েল ও লোকমান আহমদের ভাই উস্তার আলীর ওপর হামলা চালানো হয়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে উস্তার আলীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে আহতরা বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষের ৫০ থেকে ৬০ জনের একটি দল সংবাদকর্মী লোকমান আহমদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সংবাদকর্মী লোকমান আহমদ বলেন, বালু উত্তোলন নিয়ে পূর্ব বিরোধের জেরে আমাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ভোরে প্রথমে আমার ভাই ও ভাতিজার ওপর হামলা করা হয়। পরে সশস্ত্র লোকজন বাড়িতে এসে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামরুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।