
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা-এ যৌতুকের দাবিকে কেন্দ্র করে রেহানা (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী ও শাশুড়ি বর্তমানে পলাতক রয়েছে।
ঘটনাটি শুক্রবার পূর্ব রাতে উপজেলার সুলতানপুর গ্রামে ঘটে। নিহত রেহানা নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকার সোহেল রানার মেয়ে। অভিযুক্ত রতন সুলতানপুর গ্রামের কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ২০২২ সালের এপ্রিল মাসে রেহানার সঙ্গে রতনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ এক লাখ টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়। তাদের সংসারে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
অভিযোগে জানা যায়, বিয়ের পর থেকেই রতন ব্যবসার জন্য রেহানার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। দরিদ্র পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব না হওয়ায় রেহানার ওপর প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত পারিবারিক কলহ চলছিল।
নিহতের স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকার জন্য রেহানাকে মারধর ও নির্যাতন করা হয়। এতে রতনের মা জহুরা বেগমও অংশ নেন। পরে রাতের কোনো এক সময় রেহানা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানা-র অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।