
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত ও সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকির ছবি ব্যবহার করে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দিয়ে আসছেন।
বক্তারা জানান, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি রাষ্ট্রের উচ্চপর্যায়ে গুরুত্ব পায় এবং আদালতের আদেশে শিশুদের মা জামিনে মুক্তি পান। পরবর্তীতে দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
সাংবাদিকদের দাবি, ওই তিন শিশু ও তাদের মাকে বসতভিটা থেকে উচ্ছেদের একটি পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্টরা সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদ, আরটিভির প্রতিনিধি আরিফুল হক সোহাগ, বৈশাখী টিভির প্রতিনিধি আরমান হোসেন রুমন, সময় টিভির সিনিয়র রিপোর্টার এম আর রকিসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এ সময় সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং নওগাঁ জেলা বাসদের সভাপতি জয়নাল আবেদিন মুকুল।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে তথ্যপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।