1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নওগাঁর ধামুইরহাট আদিবাসী স্কুল-কলেজে অনিয়মের প্রমাণ, অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামুইরহাট আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমের বিরুদ্ধে এমপিও নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত জনবল নিয়োগ, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৩ এপ্রিল তফিকুল ইসলামসহ স্থানীয়দের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. কাওছার হোসেন প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। তদন্ত শেষে কাগজপত্র যাচাই-বাছাই করে অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এমপিও নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানে ৫ জন কর্মচারীর অনুমোদন থাকলেও অধ্যক্ষ মাধ্যমিক ও কলেজ শাখাকে পৃথক দেখিয়ে বিধিবহির্ভূতভাবে আরও ৬ জনকে নিয়োগ দেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একই ব্যক্তিকে সভাপতি রেখে মোট ২৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি বিষয়ের জন্য ১ জন করে ল্যাব সহকারী নিয়োগের বিধান থাকলেও এখানে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই অধ্যক্ষের আত্মীয় বা নিজ এলাকার লোকজন। কম্পিউটার ল্যাব না থাকা সত্ত্বেও ল্যাব সহকারী পদে নিয়োগ দেওয়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের মাঠে থাকা মেহগনি, আম, কাঁঠালসহ প্রায় ৭০টি গাছ অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে। পাশাপাশি পূর্ব পাশের প্রায় ১ একর জমিতে থাকা প্রায় ১২ শত বনজ গাছের বাগানও নিয়মবহির্ভূতভাবে বিক্রি করা হয়। এছাড়া দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন ও ইট টেন্ডার ছাড়াই বিক্রি করে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দেওয়ার বিষয়টিও তদন্তে প্রমাণিত হয়েছে।

তদন্তে আরও জানা যায়, কলেজ শাখার বিষয় অনুমোদন ও প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও এনটিআরসিএতে চাহিদা পাঠিয়ে ৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও তদন্তের পূর্বে গোপনে মারুফা খাতুন নামে একজনকে আয়া পদে নিয়োগ দেওয়া হয়। তার এমপিওভুক্তির দুই মাস পর থেকে তিনি প্রতিষ্ঠানে যোগ দেন বলে জানা গেছে। তবে এ কর্মচারীর তথ্য তদন্ত কর্মকর্তার কাছে গোপন রাখা হয়।

অভিযোগকারী তফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১০ সালে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েন। বিভিন্ন পদে নিয়োগ দিয়ে অর্থ আদায় এবং প্রতিষ্ঠানের সম্পদ বিক্রির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে, অধ্যক্ষ ইলিয়াস আলম অভিযোগের বিষয়ে বলেন, তদন্ত প্রতিবেদনের জবাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আয়া পদে এমপিও না থাকায় তার তথ্য দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়া প্রতিষ্ঠানটির পৃথক শাখা থাকায় জনবল নিয়োগের প্রাপ্যতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট