
নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাটইয়া ইউনিয়নের স্বর্ণকার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এরই জেরে সোমবার বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়ে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে কয়েকজন হামলাকারী শিশুটিকে তার মায়ের কোল থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তাকে মাটিতে ছুঁড়ে ফেললে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ, যা উপস্থিত সবার হৃদয় বিদারক করে তোলে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।