
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি ও গবাদি পশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতেও। এতে তিনটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘর গ্রাস করে ফেলে। প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেও কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।