
জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি |
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের ২নং ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক সুমনের উদ্যোগে এবং খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের আয়োজনে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিব রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন সমাজ সেবক নরুল্লা আনোয়ার কবির সহ এছাড়াও এলাকার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের সভাপতি রহুল আমিন তিনি তার বক্তব্যে বলেন, “এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা। ভবিষ্যতেও আমরা যুব সমাজ ও বিত্তবান ব্যক্তিদের নিয়ে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে চাই।”
প্রধান অতিথি তার বক্তব্যে আয়োজকদের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথিরাও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল৷