
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযান চলাকালে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে ক্রেতা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের দখলমুক্ত করা হয়। এ সময় সড়কের ওপর স্থাপিত সবজির দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি গরু ও মুরগির মাংস এবং ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মূল্য তালিকা সংরক্ষণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সড়কের নির্ধারিত নিষিদ্ধ স্থানে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টি, সড়ক দখল করে দোকান বসানো এবং পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮ জনকে ৮টি পৃথক মামলায় মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনোয়ারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।