
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাতে বসে থাকা দোকান ও হকারদের উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বাজার মনিটরিং করে বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, কেনাবেচার রশিদ বা ভাউচার সংরক্ষণ না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়।
এ সময় দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলায় মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন। তিনি ব্যবসায়ীদের ফুটপাতে দোকান না বসানোর জন্য অনুরোধ জানান। পাশাপাশি দোকানের সামনে অতিরিক্ত বাঁশের খুঁটি বসিয়ে অতিরিক্ত আলোকসজ্জা না করার এবং বিদ্যুতের অপচয় বন্ধ রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।