
মোঃ জাহিদ, ঝালকাঠি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী নফল নামাজ আদায় করে নির্বাচনী প্রচারণায় নামার কথা জানিয়েছেন।
আজ বুধবার, ২২ জানুয়ারি, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, মহান রব্বুল আলামিনের নিকট দুই রাকাত নফল নামাজ আদায় করে তিনি প্রচারণায় বের হবেন।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তাঁর পিতা-মাতা কেউ বেঁচে নেই, যাঁদের কাছ থেকে দোয়া নিয়ে প্রচারণায় বের হওয়ার সুযোগ তাঁর নেই। এমনকি তাঁদের সমাধিস্থলেও যাওয়ার সুযোগ নেই বলে তিনি লেখেন। পাশাপাশি তাঁর কোনো ভাই-বোনও নেই বলে উল্লেখ করে তিনি সাধারণ মানুষের কাছেই দোয়া প্রার্থনা করেন।
তিনি লেখেন, অনেক বছর পর নিজেকে তিনি অসহায় মনে করছেন এবং এ অবস্থায় জনগণের দোয়া তাঁর একান্ত প্রয়োজন।
ডা. সিরাজুল ইসলাম সিরাজীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করে দোয়ার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে তিনি হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।