1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে জেলা প্রশাসকের কাছে দলিল লেখক সমিতি’র স্মারকলিপি প্রদান

মোঃ ইব্রাহিম খলিলঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম খলিলঃ
দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ময়মনসিংহ জেলা ও সদর শাখার নেতৃবৃন্দ।
(মঙ্গলবার) ১৮ আগষ্ট/২৬ ইং সকালে কেন্দ্রীয় দলিল লেখক সমিতির নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে দলিল লেখকদের পেশাগত সুরক্ষা, সম্মানী ভাতা নির্ধারণ, দলিল লেখার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অভিজ্ঞতার গুরুত্ব এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতি দলিলে সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের সুযোগ না দেওয়া; থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটি’র সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করা; থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা; দলিল সম্পাদনের ক্রেতা ও বিক্রেতা পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছেন। পেশাটির সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
দলিল লেখক সমিতি’র নেতৃবৃন্দ জানান, ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. শামসুল আলম সুরুজ, সাধারণ সম্পাদক মো. এনামুল হক সরকার, সদর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি আব্বাস বাবুল, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিপন, সদর উপজেলা দলিল লেখক সমিতির সহ: সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জেলার সিনিয়র দলিল লেখক ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট