1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে যাওয়া ঘরগুলোর জায়গায় তখনও ধ্বংসস্তূপ। অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডের ঘটনায় সংসারের প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব ১৩টি পরিবার।তাদের চোখে-মুখে অনিশ্চয়তা। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।
সোমবার (৫ অক্টোবর) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ৩৬ হাজার টাকা এবং ১০ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর আগে প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
শরীফুল আলম বলেন,এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রাথমিক সহায়তা। আগুনে তাদের ক্ষয়ক্ষতির চিত্র দেখে তিনি প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণসহ আরও কী ধরনের সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে ভৈরব পৌর এলাকার চন্ডিবের দক্ষিণপাড়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা বাড়িঘরে। এতে একে একে ১৩টি ঘর ও সেগুলোর মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, পানির উৎস দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যায়নি।

পরে প্রতিমন্ত্রী ভৈরবের হিন্দুপাড়ায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নকাজের উদ্বোধন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট