
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা প্রদানের নামে নগদ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অফিসের ভেতরে এক ব্যক্তিকে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে দেখা যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, রায়হান নামে এক ব্যক্তি একটি টেবিলে বসে বিভিন্ন সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন। উপস্থিত কয়েকজন সেবাগ্রহীতা জানান, তিনি অফিস-সংশ্লিষ্ট ব্যক্তি পরিচয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য টাকা সংগ্রহ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রায়হান নিজেকে অফিসের স্টাফ দাবি করে বলেন, তিনি জমির খাজনা ও অন্যান্য ফি সংগ্রহ করে পরবর্তীতে তার ব্যক্তিগত বিকাশ নম্বরের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ বা দায়িত্ব পালনের বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা প্রমাণপত্র দেখাতে পারেননি। তিনি আরও দাবি করেন, চুক্তিভিত্তিকভাবে অফিসে কাজ করছেন।
খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর নগদ অর্থ গ্রহণের বিষয়টি অস্বীকার না করে বলেন, অনেক সেবাগ্রহীতা অনলাইনে ফি জমা দিতে না পারায় তাদের কাছ থেকে অর্থ নিয়ে পরে অনলাইনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তিনি এটিকে রাজস্ব আদায় সহজ করার একটি পদ্ধতি বলে উল্লেখ করেন। তবে অফিসের ভেতরে কোনো বহিরাগত ব্যক্তি অর্থ সংগ্রহ করছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত কর্মচারী নেই। ভিডিও ফুটেজ ও অভিযোগ আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরা মোশাররফ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ভূমি অফিসের সেবাসমূহ সম্পূর্ণ ক্যাশলেস হওয়ার কথা। কোনো অবস্থাতেই অফিসে নগদ অর্থ লেনদেনের সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, অভিযোগের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, ভূমি সেবাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও অন্যান্য সেবার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে ফি পরিশোধের ব্যবস্থা চালু রয়েছে এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোকে নগদ লেনদেনমুক্ত রাখার নির্দেশনা রয়েছে।