1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বদলগাছীতে আলোচনা সভা, ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান নির্বাচিত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সমৃদ্ধ আগামী দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই। এ জন্য তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি মা ও শিশুস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বদলগাছী উপজেলায় ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

নির্বাচিতদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মাহমুদা বানু (বালুভরা ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে উম্মে কুলসুম (পাহাড়পুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে শফিকুল ইসলাম (কোলা ইউনিয়ন) এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মো. আব্দুল কাদের (বালুভরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) নির্বাচিত হয়েছেন।

এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে পাহাড়পুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বালুভরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে।

নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা সনদ প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে এবং সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট