
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাজরা এলাকায় স্থানীয় যুব সমাজের তথ্য ও সহযোগিতায় ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহাবুব (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাহাবুব উপজেলার বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহাবুব এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। এ বিষয়ে স্থানীয় যুব সমাজের সদস্যরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে কুলিয়ারচর থানার এসআই সুজনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাহাবুবের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।