1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বদলগাছী মহিলা কলেজের অধ্যক্ষ পদকে কেন্দ্র করে হত্যাচেষ্টা-চাঁদাবাজির মামলায় নতুন বিতর্ক, এজাহারের কয়েক সাক্ষীর দাবি—ঘটনা দেখেননি

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদকে কেন্দ্র করে দীর্ঘদিনের প্রশাসনিক ও আইনি বিরোধের জেরে দায়ের হওয়া হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও মারধরের একটি মামলাকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাবেক অধ্যক্ষ মাহবুব আলমের দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হলেও, অভিযুক্তদের দাবি—ঘটনার সময় তারা কেউই ঘটনাস্থলে ছিলেন না। নিজেদের অবস্থানের পক্ষে সিসিটিভি ফুটেজ, সরকারি দপ্তরের রেজিস্টার, মোবাইল লোকেশনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে বলেও তারা দাবি করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে বদলগাছী মহিলা ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় বাদীর পথরোধ করে পাঁচ আসামি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি আহত হন। একই সঙ্গে প্রত্যেক আসামি আড়াই লাখ টাকা করে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে ঘটনাকে মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক অধ্যক্ষ মাহবুব আলম ও কলেজের অপর একটি পক্ষের প্রতিনিধি ইমামুল হাসানের মধ্যে প্রশাসনিক ও আইনি বিরোধ চলে আসছে। অধ্যক্ষ পদে দায়িত্ব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং কলেজ পরিচালনা নিয়ে উভয় পক্ষের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের ধারাবাহিকতা রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সাম্প্রতিক মামলাটিও ওই বিরোধের ধারাবাহিকতার অংশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আদালতের কার্যক্রমের ওপর নির্ভর করবে।

আসামিদের দাবি অনুযায়ী, এক নম্বর আসামি লুৎফুর রহমান ঘটনার সময় নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্রে হল সচিবের দায়িত্ব পালন শেষে বিকেল ৪টার দিকে বাসায় ফেরেন। পরে খাবার খেয়ে বিশ্রাম নেন এবং বিকেল ৫টার দিকে কবুতরকে খাবার দেন। এসব সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে তার দাবি।

দুই, তিন ও চার নম্বর আসামির দাবি, ঘটনার দিন তারা ডিগ্রির মোড়ের একটি কম্পিউটার প্রতিষ্ঠানে অভিযোগপত্র প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন। পরে দুই নম্বর আসামি জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা দেন। সংশ্লিষ্ট রিসিভ রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি যাচাই করা সম্ভব বলে তারা জানান।

চার নম্বর আসামির দাবি, পরবর্তীতে তিনি নিজ বাড়িতে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন এবং সেই সময়ের সিসিটিভি ফুটেজও রয়েছে। অন্যদিকে তিন নম্বর আসামি জানান, তিনি একটি ব্যক্তিগত প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছিলেন।

পাঁচ নম্বর আসামির পরিবারের দাবি, ঘটনার আগের দিন তিনি মায়ের চোখের চিকিৎসার জন্য রাজশাহীতে যান এবং সেখানে অবস্থান করছিলেন। তার মোবাইল ফোনের লোকেশন যাচাই করলে বিষয়টি স্পষ্ট হবে বলে তারা জানান।

অভিযুক্তদের আরও অভিযোগ, প্রায় এক মাস আগে চার নম্বর আসামিকে একটি কক্ষে আটকে মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। তবে ওই ঘটনায় মামলা গ্রহণ করা হয়নি বলেও তাদের অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, গত ২৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাহবুব আলমকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি ও ইনডেক্স বাতিলসংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে বলে অভিযুক্তদের দাবি। একই আদেশে উম্মে হাবিবাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি ও রেকর্ডের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

প্রতিবেদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, এজাহারে উল্লেখিত ঘটনাস্থলের আশপাশের কয়েকজন স্থানীয় বাসিন্দা এমন কোনো মারামারি বা হট্টগোলের ঘটনা দেখেননি বলে দাবি করেছেন। তবে এ বিষয়টিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এছাড়া এজাহারে উল্লেখিত কয়েকজন সাক্ষী দাবি করেছেন, তারা ঘটনার বিষয়ে কিছুই জানেন না এবং ঘটনাটি প্রত্যক্ষ করেননি। কেন তাদের সাক্ষী করা হয়েছে, সে বিষয়েও তারা অবগত নন বলে জানান।

এদিকে মামলায় বাদী নিজেকে অধ্যক্ষ হিসেবে উল্লেখ করলেও সংশ্লিষ্ট নথিপত্রে বর্তমানে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উম্মে হাবিবা দায়িত্ব পালন করছেন বলে তথ্য পাওয়া গেছে।

এসব তথ্য সামনে আসায় মামলাটির তদন্তে সিসিটিভি ফুটেজ, সরকারি রেজিস্টার, মোবাইল লোকেশন, চিকিৎসা নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য আলামত কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

আইন সংশ্লিষ্টদের মতে, কোনো মামলার সত্যতা নির্ধারণে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিজ্ঞানভিত্তিক তদন্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিজিটাল আলামত, কল ডিটেইলস, মোবাইল লোকেশন, চিকিৎসা নথি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাইয়ের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট