
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামে পলিথিন, কলাপাতা, মরিচাধরা টিন ও কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে তৈরি একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন শ্রী দিলিপ সাধু (৫৬)। ঝড়-বৃষ্টি কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এই ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিঠাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জগপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মণ্ডলের ছেলে দিলিপ সাধুর বসবাস একটি অতি জরাজীর্ণ ঘরে। কয়েকটি বাঁশের খুঁটির ওপর পলিথিন টাঙিয়ে কোনো রকমে তৈরি করা হয়েছে তাঁর থাকার স্থান। ঘরের মেঝে কাঁচা হওয়ায় বৃষ্টি হলেই পানি ঢুকে পুরো ঘর ভিজে যায়। ফলে সেখানে ন্যূনতম নিরাপদ আবাসনেরও সুযোগ নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের সন্তান দিলিপ সাধু বিয়ের পর নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। মানসিক সমস্যার কারণে একসময় সংসারে অস্থিরতা দেখা দিলে তিনি পৈত্রিক ভিটায় ফিরে আসেন। বর্তমানে তিনি গান গেয়ে এবং খণ্ডকালীন শ্রমের কাজ করে কোনোভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। তবে সীমিত আয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে। ফলে ঘর মেরামত বা নতুন ঘর নির্মাণ তাঁর কাছে প্রায় অসম্ভব।
দিলিপ সাধু বলেন, দিন আনি দিন খাই। গান গেয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চলে। ছোট ছোট সন্তান রয়েছে। অসুস্থ হলে ঠিকমতো চিকিৎসাও করাতে পারি না। থাকার জন্য এই ঝুপড়ি ঘরটুকুই সম্বল। কেউ সহযোগিতা করলে পরিবার নিয়ে একটু নিরাপদে থাকতে পারতাম।
স্থানীয় বাসিন্দা শ্রী বিকাশ বলেন, বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি হয়। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে। অনেক সময় খাবারেরও সংকট দেখা দেয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে পরিবারটি উপকৃত হবে।
আরেক বাসিন্দা শ্রী ভবেশ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুবই কষ্টের। আমরা স্থানীয়ভাবে কিছু সহযোগিতার চেষ্টা করছি। তবে একটি বাসযোগ্য ঘর নির্মাণে সরকারি কিংবা বেসরকারি সহায়তা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, সরকারের আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিংবা বিত্তবান ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে দিলিপ সাধুর পরিবারের জন্য একটি নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হোক। মানবিক সহায়তা পেলে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পরিবারটি স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।
এদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ায় দিলিপ সাধুর পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে। টানা বৃষ্টিপাতে ঝুপড়ি ঘরের পলিথিন ও ভাঙাচোরা টিন দিয়ে পানি চুঁইয়ে পড়ে। কাঁচা মেঝে কাদায় পরিণত হয়, ফলে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্মেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
স্থানীয়দের মতে, বর্ষাকালে এ ধরনের অরক্ষিত ঘরে বসবাসকারী দরিদ্র মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। তাই বর্ষার আগেই দিলিপ সাধুর পরিবারের জন্য একটি নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা জরুরি।