
মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে অভিযুক্ত প্রতিবেশী নুনিগোপাল সুযোগ বুঝে তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি ভুক্তভোগী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গৃহবধূ চিৎকার করলে তার স্বামীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে গভীর রাতে গ্রামবাসীর আলোচনার ভিত্তিতে পরদিন বিচার হবে শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগকারী দাবি করেন, ছাড়া পাওয়ার পর অভিযুক্ত বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শ্রী নিরমল চন্দ্র বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিম থানায় এসে তার বক্তব্য দিলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা রুজু করা হবে।