
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের ৭ লাখ ২৪ হাজার ৭০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রকল্পের সিডিউল অনুযায়ী গাইড ওয়াল, বালু ভরাট, সিসি ঢালাই ও মাটি ভরাটের কাজ করা হচ্ছে না।
সরেজমিনে মাপজোখে গাইড ওয়ালের প্রস্থ ও বালুর স্তরে সিডিউলের সঙ্গে অমিল দেখা গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের আরও দাবি, মাটি ভরাটের পরিবর্তে রাবিশ ব্যবহার করা হচ্ছে, যা নির্মাণ নীতিমালার পরিপন্থী।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্পের সভাপতি ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম বলেন, কাজ সিডিউল অনুযায়ী হচ্ছে। তবে কোনো অনিয়ম থাকলে এলজিইডির প্রকৌশলীরা বিষয়টি দেখবেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক জানান, অভিযোগ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন