
নিজস্ব প্রতিবেদন,
পঞ্চগড় পৌরসভা এলাকার তুলাডাঙ্গা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এক বাসিন্দার বিরুদ্ধে কুফরি, যাদু-টোনা, মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাজপথে নেমেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল মালেকের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিতে ১০১ জন গ্রামবাসী মিলে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণস্বাক্ষরসহ একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
লিখিত অভিযোগে কাজ না হওয়ায় পরবর্তীতে পুরো তুলাডাঙ্গা গ্রামবাসী একজোট হয়ে আয়োজন করেন এক বিশাল মানববন্ধনের।
সেখানে বক্তারা অভিযোগ করেন, কবিরাজি ও যাদু-টোনার নামে আব্দুল মালেক এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।
দ্রুত তদন্ত করে তাকে এলাকা থেকে অপসারণ বা আইনের আওতায় না আনলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।