1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতন সহ্য করেও যারা দলের পতাকা সমুন্নত রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। তিনি বলেন, হাইব্রিড ও সুযোগসন্ধানী রাজনীতির কোনো স্থান বিএনপিতে নেই; আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীরাই দলের মূল শক্তি।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে পরবর্তীতে দলে যোগ দেওয়া কিছু নেতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রকৃত কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তারা জানান।

এ প্রসঙ্গে শাহাদাৎ হোসেন বলেন, বিএনপির প্রতিটি সাংগঠনিক সিদ্ধান্তে তৃণমূলের মতামত ও আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যারা কখনো রাজপথে ছিল না, তারা যদি ত্যাগী নেতাদের হেয় করার চেষ্টা করে, তবে সাংগঠনিকভাবেই তাদের প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে দলের একক, গ্রহণযোগ্য ও পরীক্ষিত প্রার্থী নির্ধারণ করা হবে। দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, তৃণমূলের মতামতের যথাযথ মূল্যায়ন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট