
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
অভিযোগ রয়েছে, সরকারি অফিস বন্ধ থাকার পরও তড়িঘড়ি করে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদার প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন রাজমিস্ত্রি ও দুইজন শ্রমিক পুরাতন রঙের ওপরেই প্লাস্টার করে কাজ শেষ করার চেষ্টা করছেন। ভাঙা ও ফাটল অংশ সঠিকভাবে মেরামত না করেই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ঠিকাদারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কাজের স্থানে ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে দেখা যায়নি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে সংস্থাটির এসও ওহেদুজ্জামান ফোন করে জানান, ১২ লাখ টাকার এই কাজটি এক ঠিকাদার পরিচালনা করছেন এবং অফিস বন্ধ থাকার সময় কাজ না করার জন্য তাকে আগেই সতর্ক করা হয়েছিল।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, পুরাতন দেয়ালের ওপর দায়সারা প্লাস্টার করে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। তবে এ বিষয়ে ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।