1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। ছিনতাই হওয়া পরিবারের একমাত্র আয়ের অবলম্বন অটোরিকশা উদ্ধার করে দেওয়ায় একটি অসহায় ও পঙ্গু পরিবারের পক্ষ থেকে নওগাঁ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে।

জানা যায়, গত ১০ জুন সকালে নওগাঁর রামকৃষ্ণ সরকারের ছেলে রকি অটোরিকশা নিয়ে বের হন। অভিযোগ, কতিপয় দুর্বৃত্ত ডাবের পানির সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে তাকে অচেতন করে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন টমটম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরদিন ১১-১২ জুনের মধ্যে বিষয়টি রামকৃষ্ণ সরকার মোবাইল ফোনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান। পুলিশ সুপার তাকে নওগাঁ সদর থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। পরে এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়।

অটোরিকশাটি উদ্ধারে পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। পুলিশ দলটি আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে নওগাঁর পাশাপাশি বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে উদ্ধার করা হয় রামকৃষ্ণ সরকারের ছিনতাই হওয়া টমটম অটোরিকশাটি।

পরবর্তীতে আদালতের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার হওয়া অটোরিকশাটি রামকৃষ্ণ সরকারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের একমাত্র আয়ের অবলম্বন ফিরে পেয়ে রামকৃষ্ণের পরিবারে নেমে আসে আনন্দের আবহ।

অটোরিকশা ফিরে পাওয়ার পর রামকৃষ্ণ সরকার তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। এ সময় তারা সঙ্গে করে ফুল নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

রামকৃষ্ণ সরকার কয়েক বছর আগে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম। শারীরিক অসুস্থতার কারণে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপরে উঠতে না পেরে উদ্ধার হওয়া অটোরিকশায় বসেই অপেক্ষা করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার নিজেই নিচে নেমে এসে তার সঙ্গে দেখা করেন।

এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রামকৃষ্ণ ও তার পরিবারের সদস্যরা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপারও তাদের শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নওগাঁ জেলা পুলিশ আগামী দিনেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় কাজ করে যাবে। তিনি রামকৃষ্ণের পরিবারের সদস্যদের নওগাঁ জেলা পুলিশের জন্য দোয়া করতে বলেন।

এ সময় রামকৃষ্ণের বৃদ্ধ মা পুলিশ সুপারের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। আবেগঘন এ মুহূর্তে পুলিশ সুপার বলেন, মানুষের ভালোবাসাই পুলিশের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অসহায় মানুষের পাশে থেকে নওগাঁ জেলা পুলিশ ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট