1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর: গ্রেপ্তার না হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় মারধরের শিকার হওয়া কলেজছাত্রের করা মামলার পরও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ ও শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মামলা হওয়ার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মামলার এজাহার অনুযায়ী, গত ৩ জুলাই (শুক্রবার) জুমার নামাজের আগে শাহ মখদুম থানা মোড়ের একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে টাকা লেনদেন করতে যান রাজশাহী কলেজের ছাত্র ও রাজশাহী রুকইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক মো. শাহীন আলী। এ সময় তিনি দেখতে পান, কয়েকজন যুবক এক বৃদ্ধকে ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করছে। অভিযোগ রয়েছে, ওই বৃদ্ধের কাছে বিকাশে পাঠানো ৩০ হাজার টাকা অভিযুক্তদের হাতে তুলে দিতে বাধ্য করা হচ্ছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে শাহীন আলীর ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে চাঁদাবাজির শিকার দুলাল মন্ডল অভিযোগ করেন, তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে মেয়ের মাধ্যমে বিকাশে টাকা পাঠাতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, অভিযুক্তরা তার জাতীয় পরিচয়পত্রের ছবিও নিজেদের কাছে রেখে দেয় বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত শাকিল মন্ডল আহাদ-এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শাহ মখদুম থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল আলীম জানান, প্রাথমিক তদন্তে মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে মামলার আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় কারণ জানতে শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার এসআই বাকী-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, মামলা হওয়ার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট