
মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় রক্ষিত একটি পরিত্যক্ত এ্যাম্বুলেন্স আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পিছনে আমবাগানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে সংবাদ পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আবাসিক এলাকায় একটি আমবাগানে রক্ষিত পরিত্যক্ত এ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে এ্যাম্বুলেন্স চালক ইসমাইল হোসেন জানান, নিশান মটরসের তৈরি এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত হাসপাতাল চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শুক্রবার বিকেলে অন্য একটি এ্যাম্বুলেন্সে রাজশাহীতে রোগী রেখে ফিরে এসে পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা জানতে পারি। সময় -অসময়ে হাসপাতাল চত্বরে বহিরাগতদের আগমন ঘটে থাকে। কে বা কারা পরিত্যক্ত এ এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল হামিদ জানান, ঘটনা তিনি শুনেছেন। রোববার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।