
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে স্থানীয় সরকার উপদেষ্টার কাছে ডিও লেটার পাঠানোর মাধ্যমে প্রস্তাব দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এর মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর উদ্দেশে পাঠানো এক ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠিতে তিনি এ প্রস্তাব দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে। কুলিয়ারচর পৌরসভা বর্তমানে ‘খ’ শ্রেণিভুক্ত হলেও জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং নাগরিক সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু সীমিত আর্থিক ও প্রশাসনিক সক্ষমতার কারণে পৌর কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত মানের সেবা দিতে হিমশিম খাচ্ছে।
প্রস্তাবনায় আরও বলা হয়, পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হলে অধিকতর উন্নয়ন প্রকল্প গ্রহণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। এতে পৌরবাসী আরও উন্নত সেবা পাবেন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে কুলিয়ারচর পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।