1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কুলিয়ারচরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক, ওসি প্রত্যাহার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ কৌশলে পালিয়ে যাওয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেনু মিয়াকে প্রায় ১০ ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাতকড়া পরা অবস্থায় তাকে থানায় এনে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনার পর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতেই সরকারি আদেশে তাকে প্রত্যাহার করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কুলিয়ারচর থানার ৯(১১)২৫ নম্বর মামলায় আসামি রেনু মিয়াকে (৫৫) আটক করতে উপজেলার মাধবদী গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করে হাতকড়া পরানোর পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। এ সময় কোনো একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ রেনু মিয়ার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের থানায় নিয়ে যায়। তাদের মধ্যে ছিলেন রেনু মিয়ার ছেলে মনিরের স্ত্রী ইতি আক্তার (২৩), মেয়ে বিপাশা আক্তার (২৪), প্রতিবেশী সাদিয়া আক্তার (২০), রত্না (৩০), মরিয়ম (৪৫), আকলিমা (২৬) ও আরিফা আক্তার (৪০)। এ সময় ইতি আক্তারের দেড় বছরের মেয়ে আয়াত এবং সাদিয়া আক্তারের ৯ মাসের ছেলে রায়ানকেও সঙ্গে থানায় নেওয়া হয়।
পরে তাদের মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করে কৌশলে রেনু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় এনে গ্রেপ্তার করা হয়।
এদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথম প্রহরে কুলিয়ারচর থানার এসআই সারফিন বাদী হয়ে রেনু মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটির নম্বর-১০।
ওই মামলায় রেনু মিয়ার ছেলে মনিরের স্ত্রী ইতি আক্তার (২৩), প্রতিবেশী সাদিয়া আক্তার (২০), রত্না (৩০) ও আকলিমা (২৬)-কে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের সঙ্গে দেড় বছরের শিশু আয়াত ও ৯ মাসের শিশু রায়ানকে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। শিশু আয়াত ইতি আক্তারের মেয়ে এবং রায়ান সাদিয়া আক্তারের ছেলে।
অন্যদিকে, রেনু মিয়ার মেয়ে বিপাশা আক্তার (২৪), প্রতিবেশী মরিয়ম (৪৫) ও আরিফা আক্তার (৪০) অসুস্থ থাকায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
কুলিয়ারচর থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি কাজী আরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি আদেশে তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে ওসি কাজী আরিফ উদ্দীনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে তাঁর অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট